জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাধবপাশা বাজারের ডেকরেটর ব্যবসায়ী লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত লোকমান হোসেন খোকন সিকদার ফুলতলা গ্রামের মোসলেম আলী সিকদারের পুত্র।
এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, লোকমান হোসেন খোকন সিকদার শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পরে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।
ওসি আরও জানান, নিহতের বুক ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে নিহতের স্বজনরা কিছুই বলতে পারেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর থেকেই খুনের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে আওয়ামী লীগ নেতার খুনিদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
ইত্তেফাক/এসি
