বিনোদন ডেস্ক
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করার পর বলিউডের স্বজনপ্রীতি বিষয়টি ব্যাপকভাবে উঠে এসেছে। তারকাদের সন্তানরাই নাকি বলিউডে সব কাজ পায়। সুশান্তের মৃত্যুতে এই বিষয়টি নিয়ে এখন বেশ আলোচনা বলিউড পাড়ায়। এ নিয়ে অনেক তারকাদের সন্তানরা গণমাধ্যমে মন্তব্যও করেছেন। এবার এ নিয়ে বললেন সারা আলী খান। বলিউড স্টার সাইফ আলী খানের সন্তান সারা। বলিউডে কাজ করতে এই যোগ্যতাই যথেষ্ট সারার জন্য। সারা তার বিভিন্ন সাক্ষাত্কারে বলেছেন সাইফ আলী খান তার অভিনয়ের বিষয়ে অনেক হেল্প করেন। তবে তার মেয়ে বলে সারা কখনো কাজ পায়নি। সম্প্রতি তিনি বলেন, ‘আমার বাবা সাইফ আলী খান এটি আমার জন্য গর্বের। তাই বলে বাবার যোগ্যতায় বলিউডে আসিনি। নিজের কাজের যোগ্যতা তৈরি করে এসেছি।’
সুশান্তের সঙ্গে সারা ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে দু’জনের রসায়নও বেশ নজর কেড়েছিল দর্শকদের। সেই ছবি নিয়ে বেশ কিছু প্রোমোশনের ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে সারা বলছেন সুশান্ত সাহায্য ছাড়া কোনোভাবেই এই ছবিতে অভিনয় করতে তিনি পারতেন না। এটি সারার প্রথম ছবি ছিল।
ভিডিওতে সারা বলেছিলেন, ‘আমি জানি না কেমন অভিনয় করেছি ছবিতে। আমি সত্যিই অনেক চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় সুশান্ত না থাকলে এটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব হতো না। ও আমাকে অনেক সাহায্য করেছে।’
