মো. রাকিবুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে সবাই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা অনেকে এখন গৃহবন্দি। লম্বা ছুটিতে বাঙালির ঐতিহ্য রঙিন ঘুড়িতে মেতেছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তরুণ প্রজন্ম থেকে শুরু করে নানা বয়সি মানুষ। একসঙ্গে ফাঁকা মাঠগুলোতে ঘুড়ি উড়িয়ে ব্যস্ত সময় পার করছেন। ঘুড়ির সূতোয় কাটাকাটি খেলে কিংবা আকাশে ঘুড়ি পাঠিয়ে করোনাকালীন ক্লান্তি ও অবসাদ দূর করার এক সুস্থ বিনোদন। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রাম অঞ্চলে কিছু বেকার যুবক বাঁশ-বেত এবং রঙিন কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করে তা বিভিন্ন ঘুড়িপ্রিয় মানুষের কাছে খুব ভালো দামে বিক্রি করছেন। উপজেলার ঠাকুরঝিপাড়ার ঘুড়ি তৈরির কারিগর মামুন হোসেন বলেন, বাড়িতে দীর্ঘদিন অবস্থান করার ফলে আর্থিক সংকটে ছিলাম। এই অবসর সময়ে মানুষের মধ্যে ঘুড়ির ব্যাপক জনপ্রিয়তা দেখে ঘুুড়ি তৈরি ও বিক্রির কাজে মন দিলাম। সাধারণ ঘুড়ি, গুড্ডি, চোং, বিমান, কয়রা ইত্যাদি বিভিন্ন প্রকার ঘুড়ি ৩০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি। দিনে দুই/তিনটা পর্যন্ত ঘুড়ি বানানো সম্ভব। গাড়াবাড়ী থেকে ঘুড়ি কিনতে আসা সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক জানান, আমি আমার নাতির জন্য একটা ঘুড়ি কিনতে এসেছি। এই সময়ে নাতিকে বাইরে ঘোরাফেরা করতে দেওয়ার চাইতে মাঠে ঘুড়ি ওড়াতে দেওয়া ভালো। এই অবসর সময়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘুড়িতে ডিজিটাল পদ্ধতিতে লাইট লাগিয়ে তা দিনেরবেলার পাশাপাশি রাতেও একটা সুন্দর দৃশ্য তৈরি করে।
