ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শনিবার দুই শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ঝিনাইদহ :ঝিনাইদহে সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুই জন নিহত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, সকালে কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা খাতুন নামের ২য় শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী ট্রাক রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপরদিকে সদর উপজেলার খড়িখালী এলাকায় মাইক্রোবাসের বাসের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন নামের এক নির্মাণশ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) :গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত ও অপর ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, নিহত চালক ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। ট্রাকগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।
শেরপুর (বগুড়া) :শেরপুরে মামার বিয়েতে এসে দোকানে খাবার পণ্য কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালো শিশু রাশিতুল ইসলাম (৮)। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর (কাঁঠালতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রালিতুল ইসলাম শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আয়রা গ্রামের মজনু মিয়ার ছেলে।
ঈশ্বরদী (পাবনা) : খুলনার যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৮) শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে দক্ষিণাঞ্চলগামী বিশ্বরোডের ঈশ্বরদীর মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ শহীদ আলী খুলনার সোনাডাঙ্গা উপজেলার সোলাইমাননগরের শেখ সুবিদ আলীর ছেলে এবং সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
দাশুড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
