স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে লেচ্চেকে ৪-০ ব্যবধানে হারিয়ে সিরি’আর শীর্ষে আরো জেঁকে বসেছে। দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর বিপক্ষে ব্যবধানটা ৭ পয়েন্টে গিয়ে ঠেকেছে তুরিনের বুড়িদের। জয়ের পর কোচ মাউরিজিও সারি রোনালদোর ভূয়সী প্রশংসাই করেন।
নিজেদের মাঠে শুক্রবার রাতে জুভেন্তাসকে প্রথম গোলের জন্যে অপেক্ষা করতে হয় ৫৩ মিনিট পর্যন্ত। রোনালদোর বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন পাওলো দিবালা। ৬২ মিনিটে গোলের খাতায় নাম লেখান রোনালদো নিজেই। ৮৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন, উত্স সেই রোনালদোই। এর মিনিট দুয়েক পরে লেচ্চের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট। তাতে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে তালিকার শীর্ষে সুসংহত হয়েছেন তুরিনের দলটি। এ জয়ের পর কোচ সারি রোনালদোর প্রশংসা করলেও জানান পাঁচবারের ব্যালন ডি অর জয়ীকে ফিট পেতে তাকে রক্ষা করার উপায় বের করতে হবে দলকে। সারির ভাষ্য, ‘তাকে আরো খেলতে হবে। ভবিষ্যতে ম্যাচের মধ্যেই কিংবা কিছু ম্যাচে তাকে রক্ষা করার উপায় বের করব আমরা। সে নিজের কথাটা বুঝতে পারায় খুবই পারদর্শী। কখন থামতে হবে সে নিজেই বুঝবে আর থেমে বিশ্রাম নেবে। কিন্তু এখন মনে হচ্ছে সে ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
ফিটনেসের কারণে দিনকয়েক আগেই সারি প্রায় তুলোধোনা করে ছেড়েছিলেন দিবালা, হিগুয়েইনদের। তবে লেচ্চের বিপক্ষে ম্যাচের পর ইতালিয়ান কোচ দারুণ তারিফ করলেন দলের। বললেন, ‘আমরা সাফল্য পাচ্ছি, এটাই সবচেয়ে জরুরি কথা। শুরুতে আমাদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে, ব্যাপারটা মেনে নিচ্ছি। প্রথমার্ধের শেষদিকে থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছিলাম আমরা। খুব তীব্রতা নিয়ে খেলেছে দলটা, এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ করেছে ছেলেরা, যাতে আমি দারুণ আনন্দ পেয়েছি।’
