স্থগিত হওয়া টেস্টগুলোর ভাগ্যে কি ঘটছে?

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৪৬

জান-ই-আলম

বছরটা সবচেয়ে বেশি ব্যস্ততায় কাটাতে পারত বাংলাদেশ টেস্ট দল। ২০২০ সালে ১০টা টেস্ট খেলার সুযোগ ছিল মুমিনুল হকদের সামনে। বছরের শুরুতে দুটি টেস্ট খেলতেই বাধার দেওয়াল হয়ে দাঁড়াল করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে একে একে বাংলাদেশের আটটি টেস্ট স্থগিত হয়ে গেছে। ছয় মাস বাকি রয়েছে বছরের, অথচ বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে এই বছর আর টেস্ট ম্যাচ নেই!

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের অংশ ছিল স্থগিত হওয়া টেস্টগুলো। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই কি না বাংলাদেশের অধিনায়ক মুমিনুল আশাবাদ ব্যক্ত করেছিলেন, এখন স্থগিত হলেও ম্যাচগুলো হয়তো পরে খেলা যাবে।

কিন্তু আদৌ স্থগিত হওয়া আট টেস্টের ভাগ্যে আসলে কি ঘটছে? ম্যাচগুলো কি মুমিনুলরা খেলার সুযোগ পাবেন? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ম্যাচগুলো খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে সেখানে বেশ কিছু যদি—কিন্তু রয়েছে। গত বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র (২০১৯-২০২১) শুরু হয়। ৭২ ম্যাচের প্রথম চক্রের ফাইনাল আগামী বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম চক্রের অংশ হিসেবে ভারতের বিরুদ্ধে দুটি, পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলছে বাংলাদেশ। তারপর ইতিমধ্যে করোনার কারণে পাকিস্তান সফরের একটি, হোমে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি (দুটি করে) ও শ্রীলঙ্কা সফরের তিনটি টেস্ট স্থগিত হয়ে গেছে।

বাংলাদেশের এসব ম্যাচের ভাগ্যে কি হবে জানতে চাইলে গতকাল নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটার গাইডলাইন এখনো কোনো কিছু নির্ধারণ করা হয়নি। যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে হয়, মানে আগামী জুনের যে সূচি করা আছে, সেই সময়ে যদি হয় তাহলে এগুলোর ভাগ্য ভালো নয়। সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এগুলো খেলার সম্ভাবনা নাই। কারণ আগামী জুনের মধ্যে আমাদের খালি কোনো জায়গা নাই এই ম্যাচগুলো খেলার জন্য।’

তবে ফাইনাল পিছিয়ে দিলে কিছু ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ বর্ধিত করে তাহলে হয়তো সুযোগ হবে। কিন্তু বর্ধিত করলে তখন অন্যান্য সূচিগুলোতে প্রভাব পড়বে। কারণ আমাদের তো ২০২৩ পর্যন্ত সূচি করা। যেটা খুব আঁটসাঁট সূচি।’ এছাড়া আইসিসির কোনো ইভেন্ট না হলে একটা সুযোগ তৈরি হবে কিছু ম্যাচ খেলার। তাই সুনির্দিষ্ট মন্তব্য করতে পারছেন না নিজামউদ্দিন চৌধুরী সুজনও। গতকাল তিনি বলেছেন, ‘এটার সুনির্দিষ্ট গাইডলাইন এখনো তৈরি হয়নি। এটা অনেক জিনিসের ওপর নির্ভর করবে। আইসিসির ইভেন্ট হওয়া বা প্রথম চক্রের ফাইনাল খেলার তারিখ যদি বাড়ায় এবং বডিলি যদি সব শিফট হয়। তাছাড়া এটার ভবিষ্যত্ নিয়ে এখন কিছু বলা যাবে না।’