কোহলির ‘রহস্য’

আপডেট : ২৭ জুন ২০২০, ২১:৪৭

স্পোর্টস ডেস্ক

সময়ের সেরা ব্যাটসম্যান তিনি, সেরা অধিনায়কদেরও একজন। মেশিনের মতো রান করেন, ক্রিকেট মস্তিষ্কটাও দারুণ। বিরাট কোহলির এই অতিমানবীয় হয়ে ওঠার রহস্যটা কী? রহস্যটা জানালেন ভারতীয় এই কিংবদন্তির সতীর্থ হার্দিক পান্ডিয়া। তিনি মনে করেন, কারো তাড়ায় নয়, বরং তাড়না থাকতে হবে নিজের ভেতরে। থাকতে হবে চূড়া ছোঁয়ার প্রবল ক্ষুধা। তবেই মিলবে সাফল্য। বিরাট কোহলির কাছ থেকে এই শিক্ষাই পেয়েছেন অলরাউন্ডার পান্ডিয়া।

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে ছিলেন তার বড়ো ভাই অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। সেখানেই হার্দিক শোনালেন কোহলির সঙ্গে তার কথোপকথনের গল্প।

হার্দিক বলেন, ‘মাত্র দুদিন আগেই বিরাট কোহলির সঙ্গে কথা হচ্ছিল আমার। তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, যা আগে কখনো করিনি, আপনার উত্কর্ষতার রহস্য কী? তিনি জবাব দিলেন, তোমার মানসিকতা ভালো, সবকিছু আছে, স্রেফ একটা ব্যাপার মাথায় থাকতে হবে যে লক্ষ্য ছুঁতে প্রয়োজন ধারাবাহিকতা। সঠিক পথ ধরে এক নম্বর হওয়ার প্রবল ক্ষুধা থাকতে হবে। কাউকে নিচে নামানোর মানসিকতায় নয়, বরং নিজের পরিশ্রম ও সামর্থ্য দিয়ে এক নম্বর হওয়ার লক্ষ্য ঠিক করতে হবে। এরপর আমি বুঝতে পারলাম, এতটা ধারাবাহিক তিনি হলেন কীভাবে।’

তরুণদের সামনে ভারতের অন্য গ্রেটদের উদাহরণও তুলে ধরলেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা এত ধারাবাহিক, কারণ তারা কখনোই দুই নম্বরে থাকতে চান না। কখনো যদি তারা পেছনে পড়ে যান, আরো কঠোর পরিশ্রম করে তারা এক নম্বর হতে চান। সেরা হওয়ার তাড়না থাকতে হবে তোমাদেরও। যেটাই করো, সেরা হতে হবে। ট্রেনিংয়ে নামলে, প্রবল ইচ্ছা থাকতে হবে ট্রেনিংয়ের।’