স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের দাপটে এলোমেলো হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট সূচি। একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে করোনার ধাক্কায়। বিপাকে পড়ে গেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত্ নির্ধারণই এখন আইসিসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র শেষ হবে আগামী বছর জুনে। ২০১৯-২০২১ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা লর্ডসে। করোনার থাবায় সেই পরিকল্পনা, সূচি ঠিক রাখা কঠিন কর্ম হয়ে পড়েছে। বিভিন্ন সম্ভাবনাকে সামনে রেখে কাজ করছে আইসিসি। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। প্রথম চক্রটি বাতিল হবে নাকি ফাইনাল পিছিয়ে দিয়ে প্রথম চক্রের দৈর্ঘ বাড়ানো হবে, সেটি এখনো আলোচনাধীন। জুনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এমন যদি হয় আগামী বছর জুনে ফাইনাল করতে চায় আইসিসি, সেটার সম্ভাবনাও কম। কারণ সবার তো সমান অংশগ্রহণ হলো না। কেউ ৮টা, কেউ ৫টা, আমরা হয়তো ৩টা টেস্ট খেললাম। আমাদের বর্তমান যে ফর্মুলা হচ্ছে সেখানে তো সবাইকে সমান সংখ্যক টেস্ট খেলতে হবে। সেই সুযোগটা তো হচ্ছে না, সুতরাং নির্ধারিত সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’ সেক্ষেত্রে সময় বাড়ানো বা প্রথম চক্রটা বাতিল করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেছেন, ‘হতে পারে। বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলাপ হবে। সেটা মিটিং না হলে, মিটিংয়ের সিদ্ধান্ত না আসলে, এই মুহূর্তে বলা ঠিক হবে না। সবই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।’
টেস্ট চ্যাম্পিয়নশিপকে এগিয়ে নেওয়ার রূপরেখা নির্ধারণে আলোচনা হয়েছে আইসিসির বোর্ড মিটিংয়ে। আলোচনা চলমান রয়েছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
