মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে অপসারণ করা হবে :আইজিপি

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:০৭

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। আইজিপি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হলে আক্রান্ত অংশ কেটে অপসারণ করা হয়। পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে নির্দয়ভাবে তাকেও বাংলাদেশ পুলিশ থেকে অপসারণ করা হবে। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ কারণে মাদকের বিরুদ্ধে পুলিশ, র্যাবসহ সরকারের বিভিন্ন সংস্থা জোরালো অভিযান পরিচালনা করছে। যা অব্যাহত থাকবে। গতকাল শনিবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে প্রধান অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানগণ, অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।