একটি গোষ্ঠী পাটশিল্প ধ্বংসে অন্তর্ঘাত চালাচ্ছে :জাসদ

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষা করে সরকারের ভেতরের একটি গোষ্ঠী রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। প্রধানমন্ত্রী যখন পাটের পুনর্জাগরণের কথা বলছেন, তখন পাটকল ও পাটশিল্প ধ্বংসের জন্য অন্তর্ঘাত চালাচ্ছে এই গোষ্ঠীটি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা একথা বলেন। ইনু-শিরীন বলেন, গত ১১ বছরে পাটকলগুলোকে লাভজনকভাবে পরিচালনার বিষয়ে সরকার, বিজেএমসি, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের দফায়-দফায় আলোচনায় পাট কেনায় লোকসান-দুর্নীতি বন্ধে মৌসুমে যথাসময়ে কাঁচাপাট কেনা, কারখানা পরিচালনা ব্যয়ে দুর্নীতি বন্ধ, পণ্য মোড়কে পাট ব্যবহার আইন ২০১০ বাস্তবায়ন, পাটকলগুলোকে আধুনিকায়ন করা, পাটের ব্যবহার বহুমুখীকরণসহ বাস্তবসম্মত বেশকিছু সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই অনুযায়ী সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু সরকারের ভেতরের একটা গোষ্ঠী সেই সিদ্ধান্ত ও প্রস্তাব বাস্তবায়ন না করে পাটকলগুলোকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যায়। পাটকলগুলোকে অচল রেখে অলাভজনক করে ফেলার দায় শ্রমিকদের না। পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পরিশোধ করার দাবি জানান জাসদ নেতৃদ্বয়।