ডিএনসিসিতে খাল খনন উদ্বোধন
ইত্তেফাক রিপোর্ট
পূর্ণ ভরাট হয়ে যাওয়া খাল ২৭ দিনে খনন করে তা উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল শনিবার কাওলায় সিভিল এভিয়েশন কবরস্থানের পাশে আশকোনা হজক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খননকৃত এডি-৮ খালের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় মেয়র আতিকুল ঢাকা উত্তরের সব খাল ও ড্রেন রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, ভৌত অবকাঠামো, আনুষঙ্গিক সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের প্রস্তাব দেন।
মেয়র বলেন, ‘খালগুলো জেলা প্রশাসনের অধীনে, পানি নির্গমনসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। কিন্তু জনগণের দুর্ভোগের কথা শুনতে হয় সিটি করপোরেশনকে। জনপ্রতিনিধি হিসেবে মেয়র ও কাউন্সিলরদের জবাবদিহি করতে হয়। কিন্তু ওয়াসাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। এমতাবস্থায়, নগরবাসীর ভোগান্তি লাঘবে ঢাকা ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, যান-যন্ত্রপাতি, আনুষঙ্গিক সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিচ্ছি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ড্রেনেজ সার্কেল ওয়াসার কাছেই রাখার ইঙ্গিত দিয়ে বলেন, ‘ঢাকা শহরের সব খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা করছে সরকার। জনপ্রতিনিধিরা জনগণের কাছে যেমন জবাবদিহি করবেন কর্মচারীরাও তেমনি জবাবদিহি করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
