করোনা ভাইরাসের চিকিত্সার বিষয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৪০৩ জন চিকিত্সক অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৪ হাজার ২১৭ জন স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিআরের হটলাইনগুলোতে স্বেচ্ছায় সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা জনগণকে চিকিত্সাসেবা ও পরামর্শ দিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হটলাইন নম্বরে ১ লাখ ৬৬ হাজার ৩৬৯টি এবং এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৫৩৪টি ফোনকল রিসিভ করে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য তুলে ধরে এ কথা বলেন।
দেশে করোনা ভাইরাসে আরো ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৫০৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৮৫ জনের সুস্থ হয়ে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমিত হিসাবে এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্ত রোগীর হার ২৩ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৯১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ২ দশমিক শূন্য ২১ শতাংশ বেশি। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও দুই জন নারী। এদের ৩০ জন হাসপাতালে মারা গেছেন, চার জনের মৃত্যু হয়েছে বাড়িতে। মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন ১৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের চার জন, সিলেট বিভাগের চার জন, রংপুর বিভাগের দুই জন এবং খুলনা বিভাগের এক জন।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৫ জন, বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭১ জন। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ২২৫ জন হাসপাতালে সাধারণ শয্যায় চিকিত্সাধীন রয়েছেন। আইসিউতে রয়েছেন ১১২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭২৬ জন; তাদের নিয়ে বর্তমানে ১৪ হাজার ২৬৭ জন আইসোলেশনে রয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৯১৩ জন।
ডা. নাসিমা আরো জানান, করোনা ভাইরাস শনাক্তে দেশে আরো একটি নতুন পরীক্ষাগার চালু হয়েছে। চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড নামে নতুন এই পরীক্ষাগার চালু হওয়ায় দেশে এখন ৬৭টি পরীক্ষাগারে কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫৮টি গবেষণাগার থেকে নমুনা সংগ্রহের প্রতিবেদন দেওয়া হয়েছে।
