গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন না দেওয়া দেশের সঙ্গে শত্রুতা ------ জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঔষধ প্রশাসন গণস্বাস্থের কিটের নিবন্ধনের অনুমতি না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় করেছে। এটা দেশের সঙ্গে শত্রুতা। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে গণস্বাস্থ্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন জাফরুল্লাহ চৌধুরীর বরাত দিয়ে গতকাল শনিবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জানান, তিনি গতকাল বিকালে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করে কথা বলেন। এ সময় তার ডায়ালাইসিস চলছিল।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট            চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে মিন্টু জানান, তার জ্বর আছে। শারীরিক দুর্বলতার কারণে কথা বলছেন আস্তে-আস্তে। নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। কিডনির ডায়ালাইসিসও হচ্ছে নিয়মিত। তবে অক্সিজেন সাপোর্ট লাগছে না। তিনি বর্তমানে করোনামুক্ত হলেও তার শরীরে নতুন করে ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া গেছে। এজন্য ইনফেকশন থাকায় আরো বেশ কিছুদিন তাকে হাসপাতালে থেকে চিকিত্সা নিতে হবে। গণস্বাস্থের চিকিত্সক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ জানান, জাফরুল্লাহ চৌধুরী মানসিকভাবে বেশ উজ্জীবিত আছেন।