রক্তের গ্রুপের সঙ্গে করোনার ঝুঁকি কীভাবে সম্পর্কিত?

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫৫

করোনা ভাইরাসের বিচিত্র চরিত্রের কারণে বিজ্ঞানীরা বহুমুখী গবেষণার দিকে আলোকপাত করছেন। সম্প্রতি কিছু গবেষণায় বলা হচ্ছে, মানুষের রক্তের টাইপ বা গ্রুপের সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে। যদিও প্রথম দিকে রক্তের গ্রুপের সঙ্গে কোভিড সংক্রমণের সম্পর্ক আছে বলে মনে করতেন না। তবে এখন গবেষকরা দেখছেন, এ দুটির মধ্যে সম্পর্ক আছে। ‘এ’, ‘বি’ বা ‘এবি’ টাইপ রক্তবিশিষ্ট লোকদের করোনা ভাইরাসে সংক্রমিত বা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। এমনকি কোভিড-১৯ এ মৃত্যুহারও এই রক্তের গ্রুপের ওপর নির্ভর করে কি না, তার আভাস পাওয়া যেতে পারে।

বিবিসির বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সংবাদদাতা হেলেন ব্রিগস লিখছেন, একটি জেনেটিক টেস্টিং কোম্পানির চালানো একটি গবেষণাতেও বলা হচ্ছে—যাদের রক্তের টাইপ ‘ও’ তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার সম্ভাবনা  এ, বি বা এবি টাইপের রক্তের গ্রুপের মানুষদের চেয়ে ৯ থেকে ১৮ শতাংশ কম। সাত লাখ ৫০ হাজার মানুষের            ওপর চালানো জরিপে করোনা পজিটিভ ফল পাওয়া গেছে এমন অংশগ্রহণকারীদের মধ্যে রক্তের টাইপ ‘ও’ এমন লোকের সংখ্যা সবচেয়ে কম। কোভিড পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ?‘এবি’ টাইপ রক্তের অধিকারীরা।

গবেষকরা অবশ্য বলেছেন তাদের এই জরিপ এখনো প্রাথমিক স্তরে রয়েছে। স্পেন, ইতালি ও চীনে চালানো জরিপেও একই রকম আভাস। তবে অন্য একাধিক জরিপেও রক্তের টাইপের সঙ্গে কোভিড সংক্রমণ কত মারাত্মক হবে তার একটা সম্পর্ক দেখা গেছে। গত সপ্তাহেই ইতালি ও স্পেনে চালানো জেনোমওয়াইড অ্যাসোসিয়েশনের চালানো এক জরিপে বলা হয়—করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে যাদের রক্তের টাইপ ‘এ’ তাদের অক্সিজেন বা ভেন্টিলেটরের প্রয়োজন হওয়ার আশঙ্কা বেশি।

মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মানুষের জিন, রক্তের টাইপ এবং কোভিড-১৯ এগুলোর মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক প্রথম চিহ্নিত করে ইউরোপের একটি জরিপ। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত নিবন্ধে বলা হয়, ইতালি ও স্পেনের ৭টি হাসপাতালের ১ হাজার ৯৮০ জন রোগীর ওপর এ জরিপ চালানো হয়। সেখানে দেখা যায়—‘এ’ টাইপ রক্তের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি এবং ‘ও’ টাইপের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম। এছাড়া যাদের রক্তের গ্রুপ ‘এ’ তারা করোনায় আক্রান্ত হলে অক্সিজেন বা ভেন্টিলেটর দরকার হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি।

এর আগে চীনে চালানো একটি জরিপেও এমন তথ্য পাওয়া যায়। ঐ জরিপে বলা হয়, উহান ও শেনঝেনের তিনটি হাসপাতালের ২ হাজার ১৭৩ জন করোনা ভাইরাস রোগী এবং আক্রান্ত হয়নি এমন লোকদের উপাত্ত তুলনা করে দেখা গেছে, ‘এ’ টাইপ রক্তের লোকদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সেখানেও দেখা যায় ‘ও’ টাইপ রক্তের মানুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।—বিবিসি