ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল উপাচার্যের বাসভবনস্থ লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সিন্ডিকেটের সচিব ও রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী শনিবার এই তথ্য নিশ্চিত করেন।
কাজী জাহিদুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে গত ১৭ জুন রাতে নগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী তাপস কুমার সাহা নগরীর মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ঐ মামলায় ১৮ জুন রাত ২টার দিকে ক্যাম্পাসের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী গ্রেফতার হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।’
