করোনার উপসর্গে সাবেক ব্যাংক কর্মকর্তা শিক্ষকসহ আরো আট জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২০, ২২:৫৭

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গতকাল বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো আট জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃতদের  নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে। মৃতদের মধ্যে একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও স্কুল শিক্ষক রয়েছেন।

শুক্রবার রাতে রামেক হাসপাতালে করোনার উপসর্গে রাজশাহী নগরীর ফুদকিপাড়ার বাসিন্দা ও জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাক (৬৯) ও নগরীর সাগরপাড়ার বাসিন্দা ব্যবসায়ী পারভেজ (৪৬) মারা গেছেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান। মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার সন্তোষ কর্মকার (৬২) নামে এক বৃদ্ধ মাদারীপুর সদর হাসপাতালে মারা গেছেন। কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গোলাম সরওয়ার (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ওসমান গণি (৭০) ও একই উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৬৫ বছরের স্কুল শিক্ষক নাজির উল্যা মারা গেছেন। ফেনীর ছাগলনাইয়া পৌরসভার উত্তর মটুয়া গ্রামের ফুলগাজী কোনা ভূঁঞা বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) গতকাল ফেনী সদর হাসপাতালে মারা গেছেন। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। পটুয়াখালী শহরের মাঝগ্রাম এলাকার ঐ ব্যক্তির বয়স ছিল ৬৫ বছর।

ইত্তেফাকের ব্যুরো, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।