পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। কলেজছাত্রের নাম এমদাদুল হক প্রিন্স (১৭)। সে ভাণ্ডারিয়ার আমানুল্লাহ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার বিকালে ভাণ্ডারিয়ার দক্ষিণ পৈকখালী গ্রামের প্রিন্সদের বাড়ির সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রিন্সকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা তার উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় আহতের মা পারভীন আক্তার ভাণ্ডারিয়া থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিরা হলেন, মবিন ওরফে সজীব মীর (২০), শিপন হাওলাদার (১৯), সাগর সিকদার (২০), রিপন ডাকুয়া (১৮) ও মফিজুর রহমান (৬০)। অভিযোগ করা হয়েছে, প্রিন্স কলেজ পড়ুয়া ঐ সব ছাত্রদের ইয়াবা বিক্রি করতে বাধা দেয়। এর জের ধরে মাদক ব্যবসায়ীরা এক জোট হয়ে শুক্রবার বিকালে বাড়ির সামনে পুকুরপাড়ে হামলা চালায়।
