শিবচ‌রে নতুন ক‌রে ১২ জন ক‌রোনায় আক্রান্ত

আপডেট : ২৭ জুন ২০২০, ২৩:১০

মাদারীপুরের শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, এক ব্যাংকার, এক ইউপি সচিব ও ওষুধের দোকানের কর্মচারীসহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পৌরসভায় ২ জন, উমেদপুরে ২ জন, দ্বিতীয়খন্ডে ১জন, নিলখীতে ১ জন, ভদ্রাসনে ১ জন, কাদিরপুর ১ ও বহেরাতলায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। এনিয়ে শিবচরে ১১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে শনিবার (২৭জুন) ৩২ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এই নমুনাগুলো ১৭ জুন ও ২০ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরোয়ার সিকদার, একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, শিবচর ইউনিয়নের সচিব, পৌরসভার এক ওষুধের দোকানের কর্মচারী রয়েছেন। এছাড়াও পৌরসভায় ২ জন,উমেদপুরে ২ জন,দ্বিতীয়খন্ডে ১জন,নিলখীতে ১ জন, ভদ্রাসনে ১ জন, কাদিরপুর ১ ও বহেরাতলায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। 

আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ১১৮ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যান। গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরোয়ার সিকদার মুঠোফোনে বলেন, ‘আমার গলা ব্যথা অনুভূত হলে আমি নমুনা দিয়েছিলাম। আমি এখন শারীরিকভাবে সুস্থ রয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘দুই দিনের রিপোর্ট অনুসারে ১২ জন আক্রান্ত হয়েছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকতে হবে।’

ইত্তেফাক/এএএম