বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট চলাচলের অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ৩ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স।
টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের সেলস অ্যান্ড ট্র্যাফিক অফিসার এজাজ কাদরি বলেন, ১ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট চালানোর জন্য প্রস্তুত রয়েছে বলে বেবিচককে জানানো হয়েছে। অনুমতি পেলে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার অর্থাত্ সপ্তাহে ৩ দিন ফ্লাইট চলাচল করবে। সেক্ষেত্রে বেবিচকের অনুমতি পেলে আমরা আগামী ৩ জুলাই (শুক্রবার) প্রথম ফ্লাইট পরিচালনা করব। অনেকে আগে থেকেই বিভিন্ন গন্তব্যের টিকিট কিনে রেখেছেন। তাদের যাত্রার তারিখ রবিবার, মঙ্গলবার ও শুক্রবার ছাড়া অন্য তারিখে হয়, সেক্ষেত্রে তারা বিনামূল্যে তাদের টিকিটগুলো তিন দিনের যে কোনো এক দিন নিতে পারবেন। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চলাচল নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে টার্কিশ এয়ারলাইন্স। যাত্রীদের ফ্লাইটে ওঠার আগেই একটি হাইজেনিক কিট দেয়া হবে। এতে মাস্ক-গ্লাভসসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী থাকবে। টার্কিশ এয়ারলাইন্স ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে ও কাতার রুটে এবং ২১ জুন থেকে এমিরেটসকে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে মালিন্দো এয়ার, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং টার্কিশ এয়ারলাইন্স।
১৫ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারে বিমানের ফ্লাইট বাতিল
আগামী ১৫ জুলাই পর্যন্ত ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল শনিবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত সব ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তী সময়ে ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হবে।
