গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর বাইপাস মোড় থেকে সরকারি কাবিখার ৩৪০ বস্তা (১৭ টন) গম জব্ধ করেছে র্যাব-১। এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে—বাসন থানার ভাওয়াল কলেজসংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া মো. শফিকুল ইসলাম ওরফে লিটন ও টাঙ্গাইল ভূয়াপুরের চর কয়ড়া গ্রামের আ. রহিমের ছেলে মো. হাফিজুর রহমান।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় র্যাবের নিয়মিত চেকপোস্টে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির গম কালীগঞ্জ খাদ্য গুদাম হতে একটি ট্রাকযোগে কালবাজারে বিক্রির জন্য কালীগঞ্জ হতে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা করেছে অসাধু ও কালোবাজারিরা। এমন খবরের ভিত্তিতে র্যাব-১ মহানগরীর নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রাকভর্তি ৩৪০ বস্তা সরকারি গম যার ওজন ১৭ টন জব্ধ করা হয়। এর মূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার টাকা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের বিনিময় খাদ্য কর্মসূচির সরকারি খাদ্য গুদামের গম কালোবাজারে কেনাবেচা ও মজুত করার উদ্দেশ্যে ৩৪০ বস্তা গম টাঙ্গাইল নিয়া যাচ্ছিল। তারা ট্রাকে করে দীর্ঘদিন ধরে সরকারি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির জন্য গম কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মজুত করে পরে তা বেশি দামে বিক্রি করে আসছিল।
