স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৮ জুন ২০২০, ০০:৪৯

রাজধানীর মিরপুরে রূপনগর এলাকার একটি বাসা থেকে আলামিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপনগর ১৯/৩ নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বণিক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন তিন মাস পূর্বে আলামিন গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় একটি মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর মেয়েটি তাকে তালাক দিয়ে চলে যান। এরপর তিনি ঢাকায় চলে আসেন। অধিকাংশ সময় আলামিন মানসিক অবসাদে ভুগতেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকে তিনি ঘরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।