সাভারে স্কুল ছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভারের টিয়াবাড়ি এলাকার অপহূত শিক্ষার্থীর বাবা সাভার থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের সাত দিন পেরিয়ে গেলেও এখনো ঐ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, অপহূত স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিল এলাকার বখাটে যুবক মিজান। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয় মিজান। গত ১৩ জুন সকালে নোটখাতা আনতে তার এক বান্ধবীর বাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় ঐ ছাত্রী। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে জানা যায়, বখাটে মিজান গং তাকে অপহরণ করেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার ও অপহূত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
