আরিয়েন রোবেন অবসরের ঘোষণা দিয়েছিলেন গেল বছর। কিন্তু ক্যারিয়ার শুরু করেছিলেন যেখানে, সে এফসি গ্রনিঙ্গেনের ভালোবাসায় আবারও ফিরতে বাধ্য হলেন ডাচ এই উইঙ্গার।
রোবেনের দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ডাচ ক্লাব গ্রনিঙ্গেনে। সেখানে দুই মৌসুম কাটানোর পর ২০০২ সালে পাড়ি জমান পিএসভি এইন্দহোভেনে। এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ হয়ে আসেন বায়ার্ন মিউনিখে। প্রায় এক দশক খেলে ক্যারিয়ারের ইতি টানেন গেল বছর।
তবে ২০১৮ থেকে গ্রনিঙ্গেন সমর্থকেরা রোবেনকে দলে চাইছিলেন। ‘তোমার হূদয়ের কথা শোন আরিয়েন’-শীর্ষক একটা ক্যাম্পেইনও চালিয়েছিলেন তারা। গেল বছরে এ আবেদন উপেক্ষা করেই অবসর নিয়েছিলেন রোবেন। বলেছিলেন, পা দুটো সায় দিচ্ছে না আর। তবে শেষতক আর অগ্রাহ্য করতে পারলেন না সমর্থকদের চাওয়াকে।
