স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এক দফায় বাফুফেতে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে দেখা করে নিজেদের চাওয়া-পাওয়ার কথা জানিয়েছিলেন। দুই সপ্তাহ আগে মামুনুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মনরা কথা বলেছিলেন বাফুফে সভাপতির সঙ্গে। তখনই সভাপতি সবাইকে একসঙ্গে আসতে বলেছিলেন। আজ দুপুরে ফুটবলাররা যাবেন বাফুফে ভবনে। এককথায় ফুটবলারদের রুটিরুজি নিয়ে আজ আলোচনা হবে।
সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়রা আজ কথা বলবেন তাদের চাওয়া-পাওয়া নিয়ে।
করোনার কারণে পরিত্যক্ত হওয়া প্রিমিয়ার লিগের জন্য ক্লাবের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটি নিয়ে কী করা যায়, কবে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে, কবে নতুন মৌসুম শুরু হবে—এসব বিষয় নিয়ে আজ সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ফুটবলাররা। নতুন মৌসুমে একই ক্লাবে খেলতে গেলে অর্থনৈতিক চুক্তির বিষয়টা কী হবে—তা নিয়েও সঠিক পথ, সমাধান চান ফুটবলাররা। আজকের বৈঠক থেকে সেই দিকনির্দেশনা পেতে পারেন ফুটবলাররা।
