ইত্তেফাক রিপোর্ট
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে কালো ব্যাজ পরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারও চলবে এই কর্মসূচি। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। গতকাল কর্মসূচির প্রথম দিনে মেডিক্যাল টেকনোলজিস্টরা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, তাদের দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়িত না হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বক্তব্য দেন বিএমটিএ সভাপতি আলমাস আলী খান এবং মহাসচিব মোশাররফ হোসেন খান, বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, মহাসচিব সিরাজুল ইসলাম, বিএমটিএর কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম শাহিন, আব্দুল জলিল, শাকিল উদ্দিন, রিপন সরকার পল্লব প্রমুখ।
বিএমটিএ সভাপতি ও মহাসচিব বলেন, চাকরির শুরুতে টেকনোলজিস্টদের দশম গ্রেড প্রদান, টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা করে ২০ হাজার বেকার টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিল করে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে সৃষ্ট ১ হাজার ২০০ টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বানও জানান তারা।
