করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের জীবনে যুক্ত হয়েছে ভূতুড়ে বিদ্যুত্ বিল! করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার শঙ্কায় জনসাধারণের লাইন ধরে বিদ্যুত্ বিল পরিশোধকে নিরুত্সাহিত করতে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিলে বিলম্ব মাসুল মওকুফ করলেও ৩০ জুনের মধ্যে বকেয়াসহ সব বিল পরিশোধের নির্দেশনা জারি করা হয়েছে। না হলে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন, জেল-জরিমানার হুমকিসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। এই সময়ে বিদ্যুত্ বিভাগের এমন অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিছু অসাধু লোকের অবসাবধানতাবশত কাজের পরিপ্রেক্ষিতে অনেকের বাড়িতে অস্বাভাবিক মাত্রার বাড়তি ভূতুড়ে বিদ্যুত্ বিল এসেছে। মূলত আগের বিলের সঙ্গে সমন্বয়ের কথা বলে গড় করে তাড়াহুড়ো করে বিদ্যুত্ বিল প্রস্তুত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষের ভুল হলে জনগণ কেন তার দায় নেবে? এমন সংকটময় পরিস্থিতিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত বিষয়টি সমাধান করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হয়।
মো.হাছিবুল বাসার মানিক
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
