ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
করোনাকালে বিনোদনের খোঁজে আবার যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া লোকায়ত সংস্কৃতি ঘুড়ি উত্সব। আকাশে চোখ মেললেই ঘুড়ি উড়তে দেখা যায়। ঘিওর উপজেলার বিভিন্ন এলাকায় নানা বয়সি ঘুড়িপ্রেমী মেতেছেন এই উত্সবে। বর্তমানে চাহিদা বাড়ায় ২০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব ঘুড়ি। প্রতিদিন উড়তে দেখা যায়—চিলা, ঢোল, পাখি, ফুল, প্রজাপতিসহ রং-বেরঙের ঘুড়ি। ঘিওরের বানিয়াজুরী এলাকার ঘুড়িপ্রেমী আব্দুর রাজ্জাক রাজ বলেন, চাকরির চাপ না থাকায় তারা বেশির ভাগই ঘুড়ি কিনে উড়িয়ে থাকে। গ্রামে ঘুড়ি তৈরিতে যুবকরা ব্যস্ত সময় পার করছে। সাধারণত যে কোনো ডিজাইনের একটি ঘুড়ির দাম ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন অক্তার বলেন, গ্রামেগঞ্জে এখন ঘুড়ি উড়ানোর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ঘুড়ি উড়ানোর সঙ্গে সঙ্গে আবার দুর্ঘটনাও ঘটছে। এ ধরনের দুর্ঘটনা থেকে সাবধান হয়ে ঘুড়ি উড়াতে হবে।
