ঝিনাইদহে করোনা বাড়ছে তবুও মানুষ বেপরোয়া

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে বাড়ছে করোনা, তবুও বেপরোয়া মানুষ। প্রতিদিনই মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। অপরদিকে করোনা নিয়ে সচেতনতা দিন দিন কমছে। মুখে মাক্স ছাড়া হাটবাজারে বহু মানুষকে বের হতে দেখা যাচ্ছে।  আর শারীরিক দূরত্ব বজায় রাখার বিধি যেন উধাও।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রবিবার ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৯ জন, সদর উপজেলায় আট জন ও শৈলকুপা উপজেলায় তিন জন রয়েছে। জেলা প্রশাসকের অফিসের সিএ এবং নাজির করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসের পাঁচ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ অফিসে কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৫ জন। দুই জন মারা গেছেন। সিভিল সার্জন আরো জানান, মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

এদিকে জেলার হাটবাজারগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গা ঘেঁষে কেনাকাটা চলছে। কেউ সামাজিক দূরত্ব মানছে না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মানুষকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে। তারা কারণে-অকারণে ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে। কিন্তু মানুষ কোনো কিছু পরোয়া করছে না।