যশোর অফিস
যশোরে প্রথমবারের মতো অনলাইনে ডিজিটাল মেলা শুরু হতে যাচ্ছে আজ সোমবার। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নাগরিক সেবা প্রদান কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে প্রদানের উদ্দেশ্যে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে রবিবার নিজ কার্যালয় থেকে জুম পদ্ধতিতে অনলাইন সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ব্রিফিং করেন।
তিনি জানান, অনলাইন প্ল্যাটফরমের এই মেলায় সাতটি প্যাভিলিয়ন থাকবে। মেলা উপলক্ষ্যে ‘আগামীর বাংলাদেশ প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হবে। মেলায় সরকারের সকল ডিজিটাল কার্যক্রমের তথ্য www.jessore.gov.bd/site/view/digitalfair2020-তে ভিজিট করে দেখা যাবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম উপস্থিত ছিলেন।
