ইত্তেফাক রিপোর্ট
করোনা দুর্যোগে অর্থনীতি পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) সহজ শর্তে ঋণসহ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদ সদস্য এবং উদ্যোক্তারা। এসএমই ফাউন্ডেশনের ১৪তম বার্ষিক সাধারণ সভায় তারা এ আহ্বান জানান। সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, করোনা দুর্যোগে এসএমই উদ্যোক্তাদের সহায়তা করতে অনলাইনভিত্তিক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন। তিনি আরো জানান, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উত্পাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ৪৯৮ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী উদ্যোক্তা ৫ হাজার ৭৩০ জন এবং পুরুষ উদ্যোক্তা ৪ হাজার ৭৬৮ জন।
শনিবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে এসব পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালভাবে সভাটি অনুষ্ঠিত হয়। ১৭ জুন ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর মৃত্যুতে সভার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম আরো জানান, ২০১৯ সালে ৭ম জাতীয় এসএমই পণ্যমেলায় ৫ কোটি ৭ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৯ কোটি ৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী ৩০৮ জন এসএমই উদ্যোক্তা।
এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের আটটি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্যমেলায় মোট ১ হাজার ৭২টি এসএমই প্রতিষ্ঠান মোট ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়। তিনি আরো জানান, সেই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে দেশের ২৮টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্যমেলা করা হয় এবং ২০২০-২১ অর্থবছরে দেশের ৩২টি জেলায় এসএমই পণ্যমেলার আয়োজনের পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন।
