আইপিওর শর্ত ভেঙে শেয়ারবাজারে আসতে চায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স

আপডেট : ২৮ জুন ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শর্ত ভেঙে শেয়ারবাজারে আসতে চায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এ লক্ষ্যে অনুমোদনের জন্য কোম্পানিটি ইস্যু ম্যানেজার সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

জানা গেছে, এ কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ নিয়ে এফডিআর করতে চায়। অথচ দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে নগদ টাকা বা তারল্য সংকটে ভুগছে। এ সমস্যারই সমাধান হচ্ছে না অনেকদিন ধরে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও তারল্য সংকট দূর করার জন্য সময়ে সময়ে নানা নির্দেশনা দিয়েছে। প্রণোদনা হিসেবেও বিভিন্ন ফান্ড দেওয়া হয়েছে। যদিও সেসবে খুব বেশি লাভ হয়নি। এরপর করোনা ভাইরাসের কারণে অনেকটা পিছিয়ে পড়েছে বাজার। এ বাজারের জন্য এখন ভালো কোম্পানি আসা দরকার। এর পরিবর্তে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো কোম্পানি এলে বাজারে সংকট আরো বাড়বে বৈ কমবে না।

পাবলিক ইস্যু রুলস-এর ৩-এর ‘সি’তে বলা হয়েছে, ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এছাড়া আইপিও পরবর্তীকালে পরিশোধিত মূলধন কমপক্ষে ৫০ কোটি টাকা হতে হবে।

ক্রিস্টাল ইন্সু্যুরেন্স শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছে। যাতে কোম্পানিটির বর্তমানের ২৪ কোটি টাকাসহ আইপিও পরবর্তীকালে পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪০ কোটি টাকা। এ ক্ষেত্রে পাবলিক ইস্যু রুলসের সর্বনিম্ন অর্থ উত্তোলন ও সর্বনিম্ন পরিশোধিত মূলধনের শর্ত পরিপালন হচ্ছে না।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা নিয়ে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবে ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা এবং ৮ কোটি টাকা এফডিআর করবে। বাকি ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আইপিওতে ব্যয় হবে।