বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। আর গতকাল মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ২২৪ জনে। বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ১ লাখের বেশি। গতকাল রবিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৮৬৮ জন।
একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯। এখন পর্যন্ত বিশ্বে ভাইরাসটির সুনির্দিষ্ট কোনো চিকিত্সা বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। প্রায় আড়াই মাসের মধ্যে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর দেড় মাসের মধ্যেই আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়ে গত ২১ মে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায়। এরপরের ৩৭ দিনে আক্রান্ত হয় আরও ৫০ লাখের বেশি মানুষ। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াল।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯৮ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৫৩৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৩০৮ জন। যুক্তরাষ্ট্রেরর পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ১৯ হাজার ৬৬৭ জন, মারা গেছেন ৫৭ হাজার ৭০ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৭১৫ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫৯৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৭২৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬৪ জন।
এদিকে, সব রেকর্ড ছাপিয়ে একদিনে প্রায় ২০ হাজার লোক করোনা সংক্রমিত হয়েছে ভারতে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট সংক্রমিত ১৯ হাজার ৯০৬ জন। এই সংক্রমণ ধরলে দেশে মোট সংক্রমিত ৫ লাখ ২৮ হাজার ৮৫৯। গতাকাল রবিবার সকালে এই পরিসংখ্যান দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ দেশে পরিণত হয়েছে ভারত।
