সরকার ‘ভিআইপি কালচার’-এ বিশ্বাসী নয় করোনায় সবার সমান চিকিত্সা :কাদের

আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৪২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনাকালে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখে চিকিত্সাসেবা দিতে সরকারি হাসপাতালসহ চিকিত্সাবিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে বলেছেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের মধ্যে কোনো বাছবিচার নয়। সবাইকে সমান চোখে দেখে চিকিত্সা করুন। শেখ হাসিনা সরকার ‘ভিআইপি কালচার’-এ বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুত্সাহিত করে। গতকাল রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী        শেখ হাসিনার সরকারের অবস্থান স্পষ্ট। শুধু স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম দুর্নীতি রোধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না। হাসপাতালসমূহের ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিত্সা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলিমেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়াতে হবে।

বর্তমানে ৬৬টি ল্যাবে করোনা টেস্ট হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালে জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেওয়া হচ্ছে। টেস্টিং সক্ষমতা ও ট্রেসিং বাড়ানো গেলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। এ সময়ে ওবায়দুল কাদের করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।