আবারও পুজারাই ভারতের ভরসা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:১৭

ভারতের চলতি অস্ট্রেলিয়া সফরের আগে আলোচনা ছিলো, কোহলিকে অস্ট্রেলিয়া কিভাবে সামলাবে। বিরাট কোহলি রান পাচ্ছেন না, তা নয়। কিন্তু শেষ পর্যন্ত কোহলি নন, এই সফরে দুই দলের প্রধান পার্থক্য হয়ে গেছেন চেতেশ্বর পুজারা। গতকাল সিরিজের চতুর্থ টেস্টে এসে এই সফরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় এই ব্যাটসম্যান।

পুজারার অপরাজিত ১৩০ এবং মানায়ক আগারওয়ালের ৭৭ রানে ভর করে প্রথম দিনে ৪ উইকেটে ৩০৩ রান তুলেছে ভারত। এখন পর্যন্ত সিডনি টেস্ট সফরকারীদের নিয়ন্ত্রণেই আছে। ভারত সিডনি টেস্ট খেলতে নেমেছে ইতিহাস তাড়া করতে। সিডনি টেস্ট জিতলে বা ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে যাবে তারা। এই টেস্টের আগ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

 মেলবোর্নের মতো সিডনিতেও আগে ব্যাট করাটা জরুরি হওয়ার কথা ছিলো। সেদিক থেকে বিরাট কোহলির ভাগ্য ছিলো সুপ্রসন্ন। টসে জিতে ব্যাটিং নিতে আর দেরি করেননি। কিন্তু এই ম্যাচেও ভালো কিছু করতে পারেননি লোকেশ রাহুল। তিনি মাত্র ৯ রান করে জশ হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে ফিরে আসেন। এরপর ভারতকে বড় একটা জুটি এনে দেন আগারওয়াল ও পুজারা।

অভিষিক্ত আগারওয়াল মেলবোর্নেও ভালো রান পেয়েছেন। গতকালও সুবিচার করেছেন তাকে দলে নেওয়ার সিদ্ধান্তের প্রতি। ১১২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ৭৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন এই তরুণ। তার আগে পুজারার সাথে ১১৬ রানের জুটি করেছেন। আগারওয়াল ফেরার পর কোহলি ও রাহানেকে নিয়েও ভালো দুটি জুটি করেছেন পুজারা। দুটি জুটিতেই পুজারার অবদান ছিলো বেশি। কোহলি ৫৯ বলে ২৩ রান করে ফেরেন। আর রাহানে ৫৫ বলে ১৮ রান করে ফেরেন। এর মধ্যেই সফরে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান পুজারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটসম্যানের এটা তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি। এই সফরে পুজারার স্কোরগুলো ছিলো এরকম—১২৩, ৭১, ২৪, ৪, ১০৬ এবং ১৩০*।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ নিজেদের মাটিতে সিরিজেও পুজারা ছিলেন ভারতের সেরা ব্যাটসম্যান। এই দলটির বিপক্ষে রান করাটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন এই ব্যাকরণসম্মত ব্যাটিং করার জন্য খ্যাত ব্যাটসম্যান। তাকে অনেকেই বলছেন, আধুনিক রাহুল দ্রাবিড়।

এই ডাক নামের প্রতি সুবিচার করে গতকাল প্রায় সারাদিন ব্যাট করে অস্ট্রেলিয়ানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। দিনশেষে ২৫০ বল খেলে ১৬টি চারে সাজানো ১৩০ রান করে উইকেটে ছিলেন পুজারা। তার সঙ্গী হিসেবে হনুমা বিহারিও ভালো করছেন। ৫৮ বলে ৫টি চারে সাজানো ৩৯ রানে ব্যাট করছেন বিহারি। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৩/৪ (পুজারা ব্যাটিং ১৩০, আগারওয়াল ৭৭, বিহারি ব্যাটিং ৩৯, কোহলি ২৩; হ্যাজেলউড ২/৫১)।