কেউ সারা জীবন সম্পদের পেছনে ছুটেও ধরতে পারেন না, আবার কপালগুণে কেউ যেখানে সেখানেই পেয়ে যান অর্থকড়ি। এই যেমন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের বাসিন্দা গিয়ার্ড ফোরির কথাই ধরা যাক না। ভদ্রলোক প্রচণ্ড ক্ষুধা লাগায় এদিন অনিচ্ছা সত্ত্বেও একটি দোকানে ঢুকে ‘হট ডগ’ দিতে বলেন। করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন ধরে বাইরের খাবার এড়িয়ে চলছিলেন তিনি। কিন্তু এদিন কী মনে করে ‘হট ডগ’ কিনতে চলে যান। ‘হট ডগ’ নিয়ে বিল পরিশোধের সময় কোনো পরিকল্পনা ছাড়াই কিনে ফেলেন একটি লটারির টিকিট। মজার বিষয় সেই লটারির টিকিটেই কিনা তিনি ১ লাখ ডলারের (প্রায় ৮৫ লাখ টাকা) জ্যাকপট জিতেছেন! এটাই তার জীবনের প্রথম কোনো লটারি জেতার ঘটনা। যদিও এর আগে কখনোই তিনি লটারির টিকিট কেনেননি। এদিন ‘হট ডগ’ কিনতে গিয়ে তার মনে হয় একটা লটারির কেনার কথা। টিকিটটি বাড়িতে এনে ফেলে রাখেন। এক দিন পর লটারির ড্র হওয়ার পর নম্বর মেলাতে গিয়ে তিনি চমকে ওঠেন। ‘হট ডগ’ কিনতে গিয়ে এভাবে লাখ ডলার জিতেছেন তা বিশ্বাসই করতে পারছিলেন না গিয়ার্ড ফোরি। সাধারণত কোনো বিষয়ে খুব একটা বিস্মিত না হলেও এই দফা রীতিমতো উত্তেজিত হয়ে চিত্কার করে বউকে ঘটনাটি বলেন। স্বামী লটারি জেতায় স্ত্রীও বেজায় খুশি। হয় তো এবার থেকে স্বামীকে আরো বেশি বেশি ‘হট ডগ’ খাওয়ার পরার্মশ দেবেন গিয়ার্ডের স্ত্রী।—ইউপিআই
