দেশে করোনা উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত জন রাজশাহীতে রয়েছেন। শনিবার থেকে গতকাল রবিবার পর্যন্ত তাদের মৃত্যু হয়। ব্যুরো, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
স্টাফ রিপোর্টার, রাজশাহী :রাজশাহীতে করোনার উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে চার জনই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। তারা হলেন—রাজশাহী শহরের আমবাগান এলাকার সাইদুর রহমান (৪৫), শিরোইল কলোনি বড় মসজিদ এলাকার সিয়ামুল হক (৬০), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রাবেয়া বেগম (৬৫) ও ঘোষপাড়া এলাকার মো. খোকন (৪০)। এছাড়া তানোর উপজেলার কামারগাঁ গ্রামের মকবুল হোসেন (৭৫), রাজশাহীর হযরত শাহ্ মখদুম (র.) মাজারে আসা যশোরের অভয়নগরের আশরাফুল ইসলাম (৪৮) ও বোয়ালিয়া থানার সুভাষ চন্দ্র সাহা (৫০)।
তালা (সাতক্ষীরা) :সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির পরপরই গতকাল রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি তালা উপজেলার বাইগুনি গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ : জেলা হাসপাতালে হারুন নামে ৬০ বছরের এক ব্যক্তি গতকাল করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকায়।
যশোর : যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশনে চিকিত্সাধীন অবস্থায় গতকাল হারুন সরদার (৫৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা।
খুলনা :খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিত্সাধীন অবস্থায় গতকাল আইয়ুব আলী মুন্সি (৫৭) ও মো. হারুন মোল্লা (৫২) নামে দুই জনের মৃত্যু হয়েছে। আইয়ুব আলী নগরীর সোনাডাঙ্গা সোনার বাংলা গলির ও হারুন মোল্লা হাজী মুহসিন রোড এলাকার বাসিন্দা।
