লঙ্কানদের হারাল নিউজিল্যান্ড

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:১৮

নিউজিল্যান্ড গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল। আগামীকাল শনিবার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। মার্টিন গাপটিলের ১৩৮, অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৬ ও জেমস নিশামের অলরাউন্ড নৈপুণ্যে সাত উইকেটে ৩৭১ রান তোলে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা এক ওভার থাকতে ৩২৬ রানে অলআউট হয়ে যায়। কুশল পেরেরা দল সর্বোচ্চ ১০২ রান করেন। নিশাম ৩৮ রানে তিন উইকেট নেন। এর আগে এক ওভারে ৩৪ রান তুলে ব্যাটিংয়ে তাণ্ডব দেখান তিনি। এর মধ্যে ছিল পাঁচটি ছক্কার মার। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ রানে। এক ওভারে সবচেয়ে বেশি ৩৬ রানের রেকর্ডটি হলো হার্শেল গিবসের।

অপরদিকে নয় মাসের মধ্যে এই প্রথম ওয়ানডে খেলতে নেমে দাপট দেখানো গাপটিল তার অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যান অব দ্য ম্যাচ হন। ৫০ ওভারের খেলায় এটা ছিল তার ১৪তম সেঞ্চুরি। শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা খেলা শেষে জানান তারা উইকেট নেয়ার মতো বল করতে পারেননি। তবে পিচ ছিল ব্যাটিং অনুকূল। এ কারণে তার বোলাররা দুর্দশায় ছিল। তবে তিনি আশা করছেন পরের খেলায় তারা শক্তিশালী হয়ে ফিরবেন।

সফরকারীরা অবশ্য বড় লক্ষ্যের তাড়ায় সাহসী সূচনাই করেছিল। কিন্তু ডিকওয়েলা ও গুনাতিলকার ১১৯ রানের ওপেনিং জুটির বিদায়ের পর লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ডিকওয়েলা ৫০ বলে ৭৬ ও গুনাতিলকা ৪৩ রান করেন। এদের বিদায়ের পর পেরেরা চেষ্টা করেছিলেন। কিন্তু অন্যরা বড় সংগ্রহ হাঁকাতে না পারায় হার অনিবার্য হয়ে ওঠে।