করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য। তিনি পুলিশের কনস্টেবল মো. আতিয়ার রহমান। মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন তিনি। শনিবার রাত ১০টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে পুলিশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। আর গতকাল রবিবার পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গতকাল রবিবার পর্যন্ত সারাদেশে ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ১০ হাজার ১৬০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪০ জন পুলিশ সদস্য।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, রবিবার পর্যন্ত আক্রান্ত ১০ হাজার ১৬০ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই সদস্য রয়েছেন ২ হাজার ২৪৮ জন। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১০ হাজার ৩০০ জনকে। আইসোলেশনে আছেন ৪ হাজার ২২৪ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৫ জন পুলিশ সদস্য। এর মধ্যে প্রায় ৫ হাজার পুলিশ সদস্য আবার কাজে যোগ দিয়েছেন।
