স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৪৯

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীতে অভিযান চালিয়ে ২১টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ৬ জন ব্যক্তি ও একটি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যমশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার রাজধানী রমনা, তেজগাঁও এবং লালবাগ বিভাগের বিভিন্ন স্থানে দিনব্যাপী পৃথক অভিযানকালে ২১টি দোকান, ৬ জন ব্যক্তি ও একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। এ সময় রমনা বিভাগে ৬টি দোকানকে ২ হাজার ৫০০ টাকা ও তেজগাঁও বিভাগের ১০টি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও লালবাগ বিভাগের ৬টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সর্বমোট ২৮টি মামলায় ২১টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে মোট ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।