ভাঙ্গুড়ায় খোলাবাজারে দাম বেশি, গুদামে ধান দিচ্ছে না কৃষক

আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৪৯

পাবনার ভাঙ্গুড়া উপজেলারহাট-বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে গত ৩ জুন ক্রয়কার্যক্রম উদ্বোধনের পর গতকাল রবিবার পর্যন্ত এখানে সরকারিভাবে মাত্র ৩০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। অথচ এ বছর ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৮১০ মেট্রিক টন।

কৃষকরা জানান, সরকারি গুদামে শুকনো ধান ছাড়া কেনা হয় না এবং এক মণ ধানের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা। সেখানে খোলাবাজারে প্রতি মণ ধান ৯২০-৯৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তার পরও এ ধান শুকালে প্রতি মণে পাঁচ-ছয় কেজি কমে যাবে। এ হিসাবে খোলাবাজারেই দাম বেশি পাওয়া যাচ্ছে।

ভাঙ্গুড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শারমিন আক্তার বলেন,৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম চলবে। তাই এ সময়ের ক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।