ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্টের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী পুল এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ডিএনডি বাঁধের প্রায় সর্বত্রই পানিতে ডুবে আছে। বেশ কয়েক বছর যাবত্ সিপিবি, বাসদ, বামজোটসহ বিভিন্ন সংগঠন ডিএনডি জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন সভা-সমাবেশ করে আসছে। কর্তৃপক্ষ জানিয়েছিল সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম চলছে, অচিরেই সংকট সমাধান হয়ে যাবে। তিন বছরেও জলাবদ্ধতা আগের মতোই আছে। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার।
সিদ্ধিরগঞ্জ থানা কমিটির নেতা গুলজার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য বিমল কান্তিদাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, দিলীপ দাস, ইকবাল হোসেন, এম এ শাহীন, রনজিত কুমার দাস ও শ্রমিক নেতা আব্দুস ছালাম প্রমুখ।
