স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দেশে এই প্রথম পুলিশের পক্ষ থেকে প্লাজমা দেওয়া কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের ১০ জন সদস্য প্লাজমা দিয়েছেন। গতকাল এ কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। তিনি জানান, ইতিমধ্যে ১৪১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন, তারা স্বেচ্ছায় মানুষের জীবন বাঁচাতে এ প্লাজমা দিচ্ছেন। পুলিশ সুপার বলেন, এ কার্যক্রমে আমাদের পুলিশ সদস্যরা পুলিশ হাসপাতালে গিয়ে প্লাজমা দিচ্ছেন। পরে সেই প্লাজমা পুলিশসহ যখন যার জীবন বাঁচাতে প্রয়োজন হবে তাকে দেওয়া হবে। এ কার্যক্রমে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলা পুলিশের ১৯৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে যারা উপযুক্ত তারা প্লাজমা দিচ্ছেন।
