কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় মকবুল হোসেন নামে এক অটোরিকশাচালকের জবাই করা লাশ উদ্ধার করেছে দক্ষিণ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার দুপুরে রাজাবাড়ী এলাকার সবজিখেত থেকে মকবুল হোসেনের জবাই করা মৃতদেহ উদ্ধার হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান, শনিবার রাত থেকে মুকবুল তার অটোরিকশাসহ নিখোঁজ থাকে। রবিবার দুপুরে স্থানীয় লোকজন সবজিখেতে লাশ দেখে পুলিশকে খবর দিলে তা শনাক্ত করি। ছিনতাইকারীরা চালককে জবাই করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। নিহত মকবুল হোসেনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর এলাকায়। সে দীর্ঘদিন কেরানীগঞ্জে থেকে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
