টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গী বাজারে গাজীপুর সিটি করপোরেশনের নামে তোলা হচ্ছে রসিদবিহীন চাঁদা। জানা যায়, সপ্তাহের প্রতি রবিবার টঙ্গী বাজারে পূর্বঘোষিত হাট চালু রয়েছে। এই দিন বাজারের সব সড়ক জুড়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসে। এই সুযোগে একটি চক্র বিভিন্ন অজুহাতে গাজীপুর সিটি করপোরেশনের নামে চাঁদা আদায় করে আসছে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, দুই মাস আগে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বাজারের ইজারা বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত নতুন করে কাউকে ইজারা দেওয়া হয়নি। এই সুযোগে হাটে বসা দোকান থেকে চাঁদা আদায় করছে একটি মহল।
এ বিষয়ে স্থানীয় দোকানদার মো. সেলিম মিয়া (মেসার্স সাদি এন্টারপ্রাইজ) বলেন, তার দোকানের জামানত ৫ লাখ টাকা এবং মাসিক ভাড়া ১৫ হাজার টাকা। বাড়িওয়ালাকে এত ভাড়া দেওয়ার পরও আমাদের সিটি করপোরেশনকে চাঁদা দিতে হয়, এটা দুঃখজনক। সিটি করপোরেশন যখন চাঁদা আদায় করত, তখন তা ছিল ৫০ টাকা। সিটি করপোরেশনের ফিতা গলা দিয়ে আজ (রবিবার) প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে এবং আগামী রবিবার থেকে ৩০০ করে দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার বলেন, ‘বর্তমানে টঙ্গী বাজারের ইজারা বন্ধ আছে, তার পরও সিটি করপোরেশনের লোকজন রসিদ দিয়ে চাঁদা আদায় করতে চাইলে করতে পারবে এবং সেই টাকা সরাসরি সিটি করপোরেশনে চলে যাবে। তাছাড়া সিটি করপোরেশনের চাঁদার হার ৫০ টাকা। তাই কে বা কারা নিয়ম না মেনে টাকা আদায় করছে, তা আমার জানা নেই।’
