কিংবদন্তি বাসবির পাশে সোলসার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:২০

ম্যানচেস্টার ইউনাইটেড অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসারের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রেড ডেভিলরা। এই জয়ের ফলে সেরা শুরুর দিক থেকে কিংবদন্তি কোচ স্যার ম্যাট বাসবির পাশে চলে এসেছেন সোলসার। দিনের অন্য ম্যাচে চেলসি গোলশূন্য ড্র করে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।

গোলশূন্য প্রথমার্ধের পর সমতা ভাঙে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকুর গোলে। ৬৪তম মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের ফ্রি কিক ঠিকমতো ঠেকাতে পারেননি নিউক্যাসল গোলরক্ষক। আলতো টোকায় বলটি জালে পাঠান লুকাকু। ৮০ মিনিটে সোলসারের অধীনে প্রথমবারের মত খেলতে নামা অ্যালেক্সিস সানচেজের বাড়ানো বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন মার্কাস র্যাশফোর্ড।

মরিনহো চলে যাওয়ার পর থেকেই ইউনাইটেডে বইছে দিন বদলের হাওয়া। গেল তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ বার বল জড়ানো ইউনাইটেড এদিনও জয় পেল। ক্লাবটির ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে প্রথম চার ম্যাচেই জয়ের কীর্তি গড়লেন দলটির দিন বদলের নায়ক সোলসার। এর আগে ১৯৪৬ সালে নিজেদের শুরুর চার ম্যাচ জয় করেছিল স্যার ম্যাট বাসবির ইউনাইটেড।   

তবে এমন অর্জনেই ভেসে যাচ্ছেন না সোলসার, আরও উন্নতিতে দৃষ্টি তার। তিনি বলেন, ‘আমি উন্নতি করতে চাই এবং এটা চালিয়ে যেতে চাই। আমি মনে করি, কঠোর পরিশ্রম এবং ধৈর্যই এই জয়ের চাবিকাঠি ছিল। কেননা তাদেরকে ভাঙাটা খুব সহজ ছিল না।’

সোলসার আরও বলেন, ‘তাদের উন্মুক্ত হয়ে যাওয়ার সুযোগ নিয়ে প্রতি আক্রমণে উঠে চেষ্টা করতে চেয়েছিলাম এবং আক্রমণে ওঠার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাদের। আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময়ে গোলটি এসেছিল কিন্তু দিনশেষে আমরা জয় পেয়েছি।’    

নতুন গুরু সোলসার তার খেলোয়াড়ি জীবনে ছিলেন ফরোয়ার্ড। ইউনাইটেড স্ট্রাইকার লুকাকু জানালেন আক্রমণাত্মক দিক থেকে অনেক কিছু শিখতে পারছেন নরওয়েজিয়ান এই কোচের কাছ থেকে। ইউনাইটেডের জয়ের নায়ক বলেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন কিছু। আমি মনে করি মার্কাস, আমি ও অ্যান্থনি এবং দলের বাকি সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখছি, বিশেষ করে আক্রমণাত্মক দিক থেকে।’

খণ্ডকালীন ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর সোলসার জানিয়েছিলেন খেলোয়াড়দেরকে তাদের নিজেদের খেলা উপভোগ করতে দিতে চান তিনি। দলের বেলজিয়ান ফরোয়ার্ডের কণ্ঠেও প্রতিধ্বনিত হলো সেটিই। লুকাকু বলেন, ‘সে শুধু আমাদের সাহায্য করতে এবং আমাদেরকে আরও ভালো করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত তা ভালোই কাজ করেছে এবং আমরা তা অব্যাহত রাখতে চাই।’