নতুন করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তার পাশাপাশি মহামারিটির বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৩ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন এবং সহজ প্রাপ্যতার জন্য এই অর্থ প্রদানের ঘোষণা দিচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীগুলোর কোভিড-১৯ মোকাবিলা এবং ন্যায্য ও সমতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থ প্রদান করছি।’
শনিবার ইউরোপীয় কমিশন ও গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল গোল :ইউনাইটেড ফর আওয়ার ফিউচার—দ্য সামিট’-এ ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। করোনা ভাইরাস ভ্যাকসিন, পরীক্ষা ও চিকিত্সার উন্নয়নে অতিরিক্ত তহবিল জোগাড়ের লক্ষ্যে এ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরো বলেন, বাংলাদেশ সব সময়েই সাম্য, ন্যায় ও জাতীয় মালিকানার নীতিকে গুরুত্ব দিয়ে আসছে। যাদের এই সেবার সবচেয়ে বেশি প্রয়োজন তারা যেন তা পান, এক জনও যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস। বিশ্বের সবাই যেন সমতার ভিত্তিতে এই সেবা পায় সে লক্ষ্যেই আমরা এই সহায়তা দিচ্ছি।
