করোনা ভাইরাসের টিকা সবার জন্য উন্মুক্ত করতে বিশিষ্ট জনদের আহ্বান

আপডেট : ২৯ জুন ২০২০, ০০:১৭

বিশ্বে নতুন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে, মূলত ধনী দেশে চলছে টিকা আবিষ্কারের চেষ্টা। এই অবস্থায় আবিষ্কৃত টিকা বৈশ্বিকভাবে সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ১৮ জন নোবেল জয়ী, ৩২ জন সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১০৫ জন বৈশ্বিক নেতা। গতকাল রবিবার ঢাকায় ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ঐ যৌথ বিবৃতিতে যারা সই করেছেন তাদের মধ্যে আছেন—মুহাম্মদ ইউনূস, ডেসমন্ড টুটু, মিখাইল গর্বাচেভ, মালালা ইউসুফজাই, বোনো, রিচার্ড ব্র্যানসন, লেস ওয়ালেসা, জোডি উইলিয়ামস, মাহাথির মোহাম্মদ, লুলা, জর্জ ক্লুনি, শ্যারন স্টোন, ফরেস্ট হুইটেকার, ম্যারি রবিনসন, তাওয়াক্কল কারমান, রতন টাটা, আজিম প্রেমজি, শাবানা আজমি প্রমুখ। যৌথ বিবৃতিতে এই বৈশ্বিক নেতারা, সরকার, ফাউন্ডেশন, জনহিতৈষী প্রতিষ্ঠান ও সামাজিক ব্যবসায়ীদের প্রতি নতুন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের পর তা উত্পাদন করে সারা বিশ্বে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তারা বিশ্বের সকল দরিদ্র, দুর্বল ও অরক্ষিত মানুষের জন্য কোনো বৈষম্য ছাড়াই সমন্বিতভাবে দায়িত্ব পালনে সামাজিক, রাজনৈতিক এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এই মহামারি বিশ্বের সব দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে শক্তি ও দুর্বলতা রয়েছে তা পরিষ্কার করে দিয়েছে। তাই এই ভাইরাস প্রতিরোধে আসন্ন টিকার কার্যকারিতা এর সর্বজনীনতার ওপরেই নির্ভর করছে। এই টিকা বৈশ্বিক সাধারণ পণ্য হিসেবে ঘোষণা করতে জাতিসংঘ মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানিগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।