পিপিপি ভিত্তিতে হবে ঢাকা বাইপাস সড়ক

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:২২

গাজীপুরের জয়দেবপুর থেকে দেবগ্রাম, ভুলতা হয়ে মদনপুর সড়ক চার লেনে উন্নীত করা হবে। সড়কের দুই পাশে থাকবে আরও দুইটি সার্ভিস লেন। মোট ৪৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে। এ লক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছে অবকাঠামো খাতের দেশীয় দুই কোম্পানি। এতে সরকারের পিপিপি কর্তৃপক্ষের অর্থনৈতিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা থেকে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শামীম এন্টারপ্রাইজ লিমিটেড ও ইউডিসি কনস্ট্রাকশনের সঙ্গে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের যৌথ কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে।