বিজ্ঞান
আমাদের জীবনে প্রযুক্তি
১.বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা কর।
উত্তর : বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে মানুষ নানা যন্ত্রপাতি আবিষ্কার করছে। যেমন— বিজ্ঞানীরা বিদ্যুত্ নিয়ে গবেষণা করে তার সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন। তাদের দেওয়া এসব ধারণাকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর,টেলিভিশন,মোবাইল, বৈদ্যুতিক বাতি ইত্যাদি তৈরি করা হয়েছে, যা প্রযুক্তি নামে পরিচিত।
২.কৃষি প্রযুক্তি কীভাবে আমাদের জীবনমান উন্নত করে ?
উত্তর : কৃষিকাজের যান্ত্রিকীকরণ এবং রাসায়নিক ও জৈব
প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি
প্রযুক্তি আমাদের জীবনমান উন্নত করে।
চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন— শাবাল, কোদাল, লাঙল, উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প, বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এই সব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উত্পাদনে সাহায্য করছে। বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসল রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধিতে এবং অধিক ফসল উত্পাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উত্পাদনে ভূমিকা রাখছে।
৩.প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে?
উত্তর : প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন— বিজ্ঞানীরা বিদ্যুত্ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারে নানা ক্ষেত্র রয়েছে। যেমন— শিক্ষা, চিকিত্সা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
