নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জাপানের কালি উত্পাদনকারী প্রতিষ্ঠান সাকাটা ইঙ্কস কারখানা স্থাপন করবে। এজন্য ৫ একর জমি বরাদ্দের চুক্তি হয়েছে। সাকাটা ইঙ্কস করপোরেশন জাপান ভিত্তিক প্রতিষ্ঠান যা ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। সাকাটা ইঙ্কস তাদের ২য় কারখানা স্থাপন করে ভারতে এবং বাংলাদেশে তাদের এটি ৩য় উত্পাদন করাখানা হবে। প্রাথমিক পর্যায়ে ৩ কোটি ডলার বিনিয়োগ হবে যা পরবর্তীতে আরও বৃদ্ধি করা হবে। গতকাল বুধবার রাজধানীর অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মিলনায়তনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাকাটা ইঙ্কসের চেয়ারম্যান বলেন, ২০টি দেশে তাদের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে তারা বাংলাদেশে এ শিল্প স্থাপন করার লক্ষ্য রয়েছে। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশে তিনটি এক্সক্লুসিভ ইজেড স্থাপন করতে চলেছে। এ সংক্রান্ত সকল কাজ চলমান রয়েছে। তিনি বলেন, ভারত বাংলাদেশের অবকাঠামো বিভিন্ন খাতে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে চলেছে বেজা। ইতোমধ্যে চায়নিজ এবং জাপানীজ অর্থনৈতিক অঞ্চলের কাজ চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
